ঢাকা, ৩১ জুলাই ২০২৬ (বাসস) : স্প্যানিশ ফুটবল লিগে বার্সেলোনার হয়ে এক মৌসুমে ধারে খেলে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন উইঙ্গার মার্কাস রাশফোর্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায়ী বার্তা দিয়েছেন ২৮ বছর বয়সি রাশফোর্ড।
তিনি লিখেছেন, 'এখানে আমার কাটানো সময়কে ইতিবাচক ও স্মরণীয় করে রাখার জন্য ক্লাবের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এখানে প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং বিশেষ স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি। ক্লাব ও বার্সার সমর্থকদের আগামী মৌসুমে সাফল্যের জন্য শুভকামনা থাকল।'
রাশফোর্ডের বিদায়ি বার্তার জবাব দিয়েছে বার্সেলোনা ক্লাব। নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বার্সার পক্ষ থেকে লেখা হয়, 'সবকিছুর জন্য ধন্যবাদ রাশি। সব সময় আমাদেরই একজন হয়ে থাকবে।'
২০২৫-২৬ মৌসুমে ধারে বার্সেলোনায় খেলেন রাশফোর্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ১৪ গোল ও ১৪ অ্যাসিস্ট করেন তিনি। বার্সার লা লিগা শিরোপা জয়ে বড় অবদান রাখেন রাশফোর্ড। দুর্দান্ত মৌসুম কাটানোর পরও রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে রাখার চেষ্টা করেনি বার্সেলোনা। দুই উইঙ্গার অ্যান্টনি গর্ডন ও কারিম আদেয়েমিকে দলে নেওয়ায় রাশফোর্ডের দলে থাকার পথ বন্ধ হয়ে যায়।
প্রিমিয়ার লিগে ফেরা হাল সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২২ আগস্ট নতুন মৌসুম শুরু করবে ম্যানইউ।








