ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার অধীনে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লিভারপুল। বুধবার নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে অল রেডসরা রেক্সহ্যামকে ১-০ গোলে পরাজিত করে।
ম্যাচের ৭৫তম মিনিটে টিনএজ ফরোয়ার্ড রিও এনগুমোহা পোস্টেও কাছ থেকে বল জালে জড়িয়ে জয়সূচক গোলটি করেন। বিখ্যাত বেসবল ভেন্যু ইয়াঙ্কি স্টেডিয়ামে উপস্থিত ৪২ হাজারেরও বেশি দর্শকের বেশিরভাগই ছিলেন লিভারপুল সমর্থক। এনগুমোহার গোলের পর তাদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি মেজর লিগ বেসবলের নিউইয়র্ক ইয়াঙ্কিস এবং মেজর লিগ সকারের নিউইয়র্ক সিটি এফসির হোম ভেন্যু।
এর আগে শনিবার ন্যাশভিলে সান্ডারল্যান্ডকে ৪-২ গোলে হারিয়ে ইরাওলার অধীনে প্রথম জয় পেয়েছিল লিভারপুল। বোর্নমাউথের সাবেক এই কোচ বরখাস্ত হওয়া আর্নে স্লটের স্থলাভিষিক্ত হওয়ার পর সেটিই ছিল তার প্রথম ম্যাচ।
তবে সেই জয়টি ম্লান হয়ে যায় ডিফেন্ডার জো গোমেজের চোটে। গোমেজের পাশাপাশি বুধবারের ম্যাচে অনুপস্থিত ছিলেন নতুন সাইনিং জেরেমি জ্যাকেট এবং বিশ্বকাপে অংশ নেওয়া রায়ান গ্রাভেনবার্খ, ফ্লোরিয়ান রিটজ ও আলেকজান্ডার ইসাক।
ম্যাচের আগে ইরাওলা জানান, নেদারল্যান্ডসের গ্রাভেনবার্খ, জার্মানির রিটজ এবং সুইডেনের ইসাক আগামী রোববার শিকাগোর সোলজার ফিল্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে ফিরতে পারেন।
অন্যদিকে হলিউড তারকা রায়ান রেনল্ডস ও রব ম্যাকএলহেনির মালিকানায় সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত উন্নতি করা রেক্সহ্যাম গত মৌসুমের শেষ দিনে দ্বিতীয় সারির চ্যাম্পিয়নশিপের প্লে-অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়।
ফিল পারকিনসনের দল ইয়াঙ্কি স্টেডিয়ামে খেলার আগে প্রাক-মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিডস ইউনাইটেডের বিপক্ষে জয় নিশ্চিত করেছিল।








