ঢাকা, ১১ জুলাই ২০২৬ (বাসস) : বাংলাদেশের ২৬তম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১ হাজার পূর্ণ করেছেন ওপেনার তানজিদ হাসান।
আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০১ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্যারিয়ারে ১ হাজার রান পূর্ণ করেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে ১ হাজার রান থেকে ১১৫ রান দূরে ছিলেন তানজিদ। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ৮ ও ৫৭ রানে করেন তিনি।
২০২৩ সালে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত ৪০ ওয়ানডেতে ১ শতক ও ৯ অর্ধশতকে ৩৯ ইনিংসে ১০৪৪ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল। ২৪৩ ম্যাচে ৮৩৫৭ রান করেছেন তিনি।








