সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৩শ' কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ বরাদ্দের কথা জানান।
বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের অংশ হিসেবে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোকে মাসিক ২০ হাজার টাকা এবং এ, বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা করে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। আগামী বাজেটে এ ধারা অব্যাহত রাখার প্রস্তাব করছি। তিনি আরও বলেন, তবে, ভাতাভোগীর সংখ্যা আরও ১ হাজার ৮৫৭ জন বৃদ্ধি করে মোট ১৬ হাজার ৫১৩ জন করার প্রস্তাব করা হয়েছে, যা আগে ছিল ১৪ হাজার ৬৫৬ জন।








