অধ্যাপক ডাঃ মোঃ আসাদুর রহমানের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে
বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম এর বিবৃতি
“ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি ও হেড-নেক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আসাদুর রহমানের ওপর তাঁর কর্মস্থলের চেম্বারের সামনে সংঘটিত বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
একজন চিকিৎসক, যিনি প্রতিদিন অসুস্থ মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করেন, তার কর্মস্থলের সামনে প্রকাশ্যে এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। চিকিৎসকদের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি দেশের চিকিৎসাব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং চিকিৎসকদের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। একজন চিকিৎসক যদি নিজ কর্মস্থলে নিরাপদ না হয় তাহলে তার থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো দেশের সর্বোচ্চ পর্যায়ের একটি চিকিৎসা প্রতিষ্ঠানে একজন বিভাগীয় প্রধানের ওপর তাঁর চেম্বারের সামনে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা চিকিৎসকদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে এবং নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা প্রদানকে বাধাগ্রস্ত করে। এর নেতিবাচক প্রভাব সরাসরি রোগীদের চিকিৎসাসেবার ওপরও পড়তে পারে।
এমন ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রæত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অধ্যাপক ডাঃ মোঃ আসাদুর রহমানের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
চিকিৎসকদের ওপর যেকোনো ধরনের হামলা, হুমকি ও হয়রানির বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চিকিৎসকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা প্রয়োজন।”
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি