বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বিবৃতি
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের জেএফকে বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুস্কৃতিকারিদের কর্তৃক বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল জয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি অসদাচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে হেনস্তা করার অপচেষ্টা করেছে ফ্যাসিষ্ট হাসিনার লেলিয়ে দেয়া কিছু পান্ডা। ফ্যাসিষ্ট হাসিনার পান্ডাদের কর্তৃক ড. ইউনুসকে হেনস্তা বাংলাদেশ থেকে পলায়ন করা পতিত ফ্যাসিষ্টদের অনুশোচনার অভাব ও দেশবিরোধী কার্যকলাপের ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করি। ড. ইউনুস এর প্রতি এই অসম্মানজনক আচরণ পতিত ফ্যাসিষ্ট শেখ হাসিনার প্রতিহিংসাপরায়ণ মনোবৃত্তিরই বহি:প্রকাশ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি-২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কারণেই জেএফকে বিমানবন্দরে প্রফেসর ইউনুস এর ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। ড. ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টাই ছিলেন না, তিনি নোবেল লরিয়েট ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। জেএফকে বিমানবন্দরে ড. ইউনুস সাহেব এর প্রতি অসদাচরণই করা হয়নি, বরং বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করা হয়েছে। আওয়ামী দু:শাসনে দেশ ছিল গুম-খুন ও গুপ্তহত্যার এক অরাজক পরিস্থিতি। সেই অপশাসনের সহযোগী দুস্কৃতিকারিরা দেশে-বিদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং তারাই ড. ইউনুস এর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে। বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারনাকে আরও বেশী পাকাপোক্ত করলো যে, ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোন কমতি হয়নি।
শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির ব্যাপ্তি এখনও আগের মতোই অব্যাহত। আর সে কারণেই তিনি নিজেদের কর্মীদেরকে দেশে-বিদেশে উস্কানি দিচ্ছেন এবং বাংলাদেশেও নানামুখী সন্ত্রাসী কর্মকান্ডকে মদদ দিচ্ছেন বলে বাংলাদেশের জনগণের কাছে তা প্রতিনিয়ত স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে।
আওয়ামী দুস্কৃতিকারিদের কর্তৃক জেএফকে বিমানবন্দরে ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি অসৌজন্যমূলক আচরণের ঘটনার আমি ধিক্কার ও তীব্র নিন্দা জানাচ্ছি।”