২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
পরিবেশ

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Md. Ibrahim Mollahঢাকা

পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

তিনি বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩ জেলায় থাকা প্রয়োজন। সামাজিক উদ্যোগের মাধ্যমে এমন অনেক সমস্যার সমাধান সম্ভব, যা শুধু আইন করে সমাধান করা যায় না।

আজ বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সংগঠনটির কর্মকাণ্ডের প্রশংসা করে তারেক রহমান বলেন, আমি মনে করি, আলোকিত লালমনিরহাটের মতো একটি সংগঠন বাংলাদেশের ৬৩ জেলায় প্রয়োজন। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সব সময় সব সমস্যার সমাধান আইন করে করা সম্ভব নয়। কিন্তু সমাজে এমন অনেক সমস্যা আছে, যেগুলোর সমাধানে সামাজিকভাবে একটি সংগঠনের মাধ্যমে চেষ্টা করলে সেটা করা সম্ভব।

বিগত সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে বাংলাদেশ একটি অস্বাভাবিক অবস্থার মধ্যে ছিল। সেখানে মানুষ ভয়ের মধ্যে বাস করত। মানুষের কোনো অধিকার ছিল না। শুধু ভয়ের পরিস্থিতিই নয়, সমাজের বিভিন্ন মানী-গুণী ও সম্মানিত মুরুব্বিদেরও বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে।

তিনি বলেন, আজ এ দেশের মানুষ একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন করেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আলোকিত লালমনিরহাটের মতো সংগঠন যদি বাংলাদেশের সব জায়গায় থাকে, তাহলে সমাজের হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধ আবার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী বলেন, এখানে যারা সংগঠনটির সদস্য রয়েছেন, তাদের মধ্যে সব ধর্ম-বর্ণের মানুষই রয়েছেন। হয়তো বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকা মানুষও এখানে সদস্য রয়েছেন। সবাই যদি একসঙ্গে কাজ করেন, ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, অবশ্যই পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, মানুষের আয়-রোজগার ও ব্যবহার্য জিনিসপত্র বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, সবুজ মাঠ, বাজার-ঘাটসহ বিভিন্ন জায়গায় আবর্জনা জমছে। আবর্জনা একদিকে পরিবেশের জন্য ক্ষতিকর, অন্যদিকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চারদিকে যদি আবর্জনা থাকে, সেটি মানসিকভাবেও আমাদের অসুস্থ করে দেবে।

‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেহেতু বিভিন্ন সামাজিক কাজ করছেন, তাই পুরো জেলাকে আবর্জনামুক্ত করার উদ্যোগ নিন। একটি সুশৃঙ্খল ও পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে মানুষের পরিত্যাক্ত আবর্জনাগুলো একটি জায়গায় সংগ্রহ করুন। বাকি পুরো এলাকাকে পরিষ্কার রাখুন। এ উদ্যোগ নেওয়া হলে লালমনিরহাটকে দেশের পরিচ্ছন্নতম জেলাগুলোর একটি হিসেবে গড়ে তোলা সম্ভব।

বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যেভাবে মাদকাসক্ত মানুষকে কাউন্সেলিং করে মাদকের অভিশাপ থেকে বের করে আনার চেষ্টা করেছেন, যেভাবে পারিবারিক কোন্দল মিটিয়ে পরিবারগুলোকে মিলিয়ে দিয়েছেন, একইভাবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে কীভাবে আবর্জনা সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যায়।

তারেক রহমান বলেন, আপনারা যদি ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি মানুষকে বোঝাতে পারেন যে কেন গাছ প্রয়োজন, তাহলে গাছের সংখ্যা বৃদ্ধি পাবে।

পরিবারের প্রত্যেক সদস্যের জন্মদিনে একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, একটি পরিবারে চার-পাঁচজন সদস্য থাকলে প্রত্যেকেরই একটি জন্মদিন রয়েছে। আপনারা যদি তাদের বোঝাতে পারেন যে প্রত্যেকে প্রতিবছর নিজের জন্মদিনে একটি করে বৃক্ষরোপণ করবেন, তাহলে স্বাভাবিকভাবেই দেশে বা এই এলাকায় গাছের সংখ্যা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আজকে আমরা যদি একটি মূল্যবান গাছের চারা রোপণ করি, এই গাছটি বড় হয়ে একদিন আমাদের জন্য একটি মূল্যবান সম্পদে রূপান্তরিত হবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো শিশুর বয়স এক, দুই কিংবা তিন বছর হলে তার নামে ২০টি গাছ লাগানো যেতে পারে। ২০ বছর পর গাছগুলো বড় হলে প্রয়োজনে সেগুলো বিক্রি করে ওই শিশুর অর্থনৈতিক প্রয়োজন মেটানো সম্ভব হবে।

গাছের পরিবেশগত উপকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আপনার বাড়ির আশপাশে যত বেশি বড় বড় গাছ থাকবে, আপনার বাসাবাড়ি তত ঠান্ডা থাকবে। প্রকৃতির বাতাস উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, ঝড়-তুফান বা টর্নেডোর সময় বাড়ির আশপাশে বড় গাছ থাকলে সেগুলো আপনার ঘরবাড়ি রক্ষায়ও সহায়তা করতে পারে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের পাশাপাশি আল্লাহ বিভিন্ন পশুপাখি, জীবজন্তু ও পোকামাকড় সৃষ্টি করেছেন। প্রকৃতির প্রতিটি প্রাণীরই কোনো না কোনো ভূমিকা রয়েছে।

তারেক রহমান বলেন, যাদের বয়স ৩০ বছরের বেশি, তারা ৩০ বছর আগের কথা চিন্তা করে দেখুন। তখন গ্রামেগঞ্জে অনেক বেশি পাখি চোখে পড়ত। আজকে কি আগের মতো পাখি চোখে পড়ে? পড়ে না। কেন পড়ে না? আমরা গাছপালা কেটে ফেলেছি। পাখি দেখলে ধরে রান্না করে খাচ্ছি, কিংবা তাদের আঘাত করছি।

তিনি বলেন, আমরা ছোটবেলায় অনেক প্রজাপতি দেখতাম। কিন্তু এখন প্রজাপতি দেখা যায় কি না, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। গাছপালা, ফুল সব কেটে ফেলায় প্রজাপতি কমে যাচ্ছে।

পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানুষের অস্তিত্বের সম্পর্ক তুলে ধরে তারেক রহমান বলেন, পুরো পরিবেশটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিন্তু পরিবেশ যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে মানুষও আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে।

তিনি বলেন, আসুন, আমরা আমাদের এলাকাটাকে সুন্দর করি, এলাকার পরিবেশটাকে রক্ষা করি। পরিবেশ রক্ষার মাধ্যমে আমরা মানুষকে রক্ষা করি। আসুন, আমাদের এলাকার সঙ্গে সঙ্গে দেশটাকেও রক্ষা করি, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। শুধু এলাকা নয়, শুধু দেশ নয়, আমরা আমাদের পৃথিবীকেও রক্ষা করি।

তারেক রহমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। কাজেই সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর অন্য সব সৃষ্টির প্রতি যত্ন নেওয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, উপ প্রেস সচিব সুজন মাহমুদসহ বিএনপির জেলার নেতা-কর্মীরা।
এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

11/19/2026

পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে : রুহুল কবির রিজভী

পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে : রুহুল কবির রিজভী

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে পদ্মা ও তিস্তাসহ দেশের বিভিন্ন নদীতে পানির প্রবাহ বাড়ানো গেলে নদীগুলো আবারও প্রাণবন্ত হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

10/28/2026

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর বড় প্রমাণ।

10/18/2026

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা-আরিচা মহাসড়কের সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন।

10/18/2026

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

10/17/2026

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

10/15/2026

রাজধানীর লেকের দূষণ রোধ, উন্নয়ন কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর লেকের দূষণ রোধ, উন্নয়ন কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি চেয়ার‌ম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন।

9/17/2026

প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে: প্রধানমন্ত্রী

প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে: প্রধানমন্ত্রী

প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

9/10/2026