২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
কূটনীতি

কপ ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Md. Ibrahim Mollahঢাকা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কপ৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বিকেলে ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন।

কপ ৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান কপ৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আজ (স্থানীয় সময়) বিকেলে ৪টা ৩ মিনিটে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে।
তিনি জানান, ‘আন্তালিয়া বিমান বন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। প্রধানমন্ত্রী ও সহধর্মিণীকে দুই শিশু ফুল দিয়ে শুভেচ্ছা জানান।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বিমানবন্দরের একটি সুসজ্জিত কন্টিনজেন্ট গার্ড অব অনার দেয়। প্রধানমন্ত্রী অভিবাদন গ্রহণ করেন।’
বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’ পাঁচতারা রিসোর্টে উঠবেন। আন্তালিয়ায় অবস্থানকালে প্রধানমন্ত্রী এই রিসোর্টে থাকবেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সফরসঙ্গী ও বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলনে তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন এবং সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
এর আগে মঙ্গলবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছায়।
পরে ভিভিআইপি মর্যাদায় তাঁকে ইস্তাম্বুল বিমানবন্দরের ভেতরে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকার হাকতানকাচমাজ।
এর আগে, সকাল সাড়ে ৭টায় (বাংলাদেশ সময়) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরসূচি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী আজ সন্ধ্যা সাড়ে ৬টায় (স্থানীয় সময়) আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তাঁর প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।
বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
আগামী ১১ ও ১২ নভেম্বর কপ৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন। এতে তিনি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল টেকসই উন্নয়ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী গতকাল সোমবার ঢাকায় সাংবাদিকদের জানান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে। এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গে বৈঠকের বিষয়টিও বিবেচনাধীন রয়েছে।
তিনি বলেন, এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ এবং জলবায়ু সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে। এসব আলোচনা বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
তাই জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, অভিযোজন অর্থায়ন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ তার ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে সচেতনতা সৃষ্টি এবং সহযোগিতা বাড়ানোর চেষ্টা করে। এ ধরনের ক্ষয়ক্ষতির হিসাব বিভিন্ন রকম হলেও আন্তর্জাতিক পরিসরে তা তুলে ধরা বাংলাদেশের স্বার্থ এগিয়ে নিতে সহায়ক।
বাংলাদেশ জলবায়ু সহনশীলতা অর্জনে নিজেদের সাফল্যও সম্মেলনে তুলে ধরবে। পাশাপাশি দক্ষিণ এশিয়া ও বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় করবে।
সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের পক্ষ থেকে একটি পাট-প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এতে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এ ছাড়া পাট ও পাটজাত পণ্যের প্রসারে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে। এর একটি হবে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি নিয়ে। অন্যটিতে কৃত্রিম পলিমারের বিকল্প হিসেবে পচনশীল ও বর্জ্যমুক্ত পাটজাত পণ্যের প্রসারে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে।
সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের সঙ্গে আলোচনা এবং আন্তঃমন্ত্রণালয় পরামর্শের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয় এ কার্যক্রম পরিচালনা করেছে।
তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এ সম্মেলনে অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থান আরও সুদৃঢ় করবে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, এসডিজিবিষয়ক প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং উপ-প্রেস সচিব হাসান শিপলু।
কপ বা কনফারেন্স অব দ্য পার্টিজ (কনফারেন্স অব দ্য পার্টিস) হচ্ছে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন। এতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত পদক্ষেপ নিয়ে বিভিন্ন দেশ আলোচনা করে। এ বছর তুরস্ক সম্মেলনের সভাপতিত্ব করছে এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক আলোচনার সভাপতির দায়িত্ব পালন করছে।
আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে : হুমায়ুন

চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে : হুমায়ুন

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বলেছেন, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। তাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে।

11/26/2026

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

11/13/2026

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন।

11/12/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ।

11/12/2026

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

11/11/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

11/11/2026

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে : হুমায়ুন কবীর

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

11/11/2026

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

11/11/2026