গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন এমপি’র মাতা আমেনা বেগম বার্ধক্যজনিত কারণে আজ দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। আমেনা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমেনা বেগম এর মৃত্যুতে তাঁর শোকবিহব্বল পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। মরহুমা আমেনা বেগম একজন পরহেজগার ও পরোপকারী নারী হিসেবে প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি নীতিবান মহিলা হিসেবে তাঁর সন্তানদের সুশিক্ষিত ও প্রতিষ্ঠিত করে গেছেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব এবং শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় আমেনা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি