সাবেক ২০ দলীয় জোট ও তৎপরবর্তী জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম এন শাওন সাদেকী’র প্রাণনাশের উদ্দেশ্যে গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুস্কৃতিকারীরা কাপুরুষোচিত হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেছে। গুরুতর আহতাবস্থায় জনাব এম এন শাওন সাদেকী বর্তমানে রাজধানীর কাকরাইলস্থ ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুস্কৃতিকারিদের দ্বারা সংঘটিত এই বর্বরোচিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “২০২৪ এর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পতনের পর দেশের ভেতর লুকিয়ে থাকা দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরণের অরাজকতা সংঘটিত করছে। দুস্কৃতিকারিদের দ্বারা বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম এন শাওন সাদেকী’র ওপর ন্যাক্কারজনক হামলা এবং তাকে গুরুতর আহত করার ঘটনা সেই পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ। এসব দুস্কৃতিকারিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি প্রদানের বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরণের নাশকতা ঘটাতে পারে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক-মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান গণতান্ত্রিক পরিবেশ অক্ষুন্ন রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে ভয়শুণ্য পরিবেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে জনাব তারেক রহমানের সরকার বদ্ধপরিকর। সুতরাং চক্রান্তকারীরা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতিশীল করে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তিকে সর্বদা সজাগ থাকতে হবে।”
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বিবৃতিতে জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম এন শাওন সাদেকী’র ওপর হামলাকারী দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং তাঁর আশু সুস্থতা কামনা করেন।
বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি