ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : প্রথম ওয়ানডে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজে সমতা ফেরাতে দ্বিতীয় ওয়ানডেতে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না টাইগ্রেসরা।
অন্যদিকে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া।
আগামীকাল ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
ব্রিজবেনে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ। দুই ওপেনারের ব্যর্থতার পর টপ অর্ডারে শারমিন আক্তার ২৪ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টেস্ট মেজাজে ৮৬ বলে ২৯ রান করেন।
শারমিন ও জ্যোতির পর অন্য কোন ব্যাটার হাল ধরতে ব্যর্থ হলে ১২২ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। তবে সাত নম্বরে নামা রিতু মনি ও নাহিদা আক্তারের লড়াইয়ে সম্মানজনক সংগ্রহ পায় টাইগ্রেসরা। ৪৯.৪ ওভারে গুটিয়ে যাবার আগে ১৬৬ রান তুলে বাংলাদেশ।
৫ বাউন্ডারিতে ৬৩ বলে ৪৫ রান করেন রিতু। নয় নম্বরে নামা নাহিদা ১৯ রানে অপরাজিত থাকেন।
জবাবে ওপেনার ফোবি লিচফিল্ডের ৭৭ রানের সুবাদে ১৪৬ বল বাকী থাকতে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
ম্যাচ হারের জন্য ব্যাটারদের দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা বড় জুটি গড়তে পারিনি। নতুন বলে খেলার সময় ব্যাটারদের সতর্ক হতে হবে। পাওয়ার প্লেতে বেশি উইকেট হারানো যাবে না। ব্যাটারদের আরও বেশি ধৈর্যশীল ও ইতিবাচক থাকতে হবে। পরবর্তী ম্যাচে আমরা ব্যাটারদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করছি।’
বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচে বল হাতে নজর কেড়েছেন পেসার হাবিবা ইসলাম পিংকি। ৬ ওভারে ৩৬ রানে ২ উইকেট শিকার করেন তিনি। ম্যাচ শেষে হাবিবার পারফরমেন্সের প্রশংসা করেছেন জ্যোতি, ‘হাবিবা ভালো বল করেছে। যখনই বল হাতে নিয়েছে, লাইন-লেন্থ রেখে বল করেছে। এই ইতিবাচক দিকগুলো পরবর্তী ম্যাচে আমাদের কাজে লাগবে।’
এবারের সিরিজ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। এই চক্রে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। চলতি বছরের এপ্রিলে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।
চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড।
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয়বার মুখোমুখি হয়ে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। এমনকি টি-টোয়েন্টিতেও ছয়বারের দেখায় কোন জয় পায়নি টাইগ্রেসরা।






