ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : রাজধানীর মিরপুরে অভিজাত পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো. তানভীর আহমেদকে (৩৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে টেকনিক্যালগামী অভিজাত পরিবহনের একটি বাসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে বাসটির পেছনের কয়েকটি সিট, ফ্যানসহ বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওই সময় বাসে থাকা ৩০ থেকে ৩৫ জন যাত্রী দ্রুত নেমে প্রাণ রক্ষা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ব্যক্তিরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহ আলী মাজারের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ।







