ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : রোববার নটিংহাম ফরেস্টকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির ওপর চাপ ধরে রেখেছে আর্সেনাল।
অন্যদিকে লিডসের মাঠে ড্র করে আরও পয়েন্ট হারিয়েছে ধুঁকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড।
এক দিন আগে ইপসউইচকে হারিয়ে টানা সপ্তম হোম ম্যাচে জয়ের আনন্দে মেতেছিল শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি। গুরুতর আর্থিক অনিয়মের দায়ে ক্লাবটির দোষী সাব্যস্ত হওয়ার রায়ের পরও মাঠের পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি।
বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল অলিভার গ্লাসনারের দলের বিপক্ষে গোলের জন্য বারবার চেষ্টা করেও সফল হচ্ছিল না। শেষ পর্যন্ত ৮০ মিনিটে বদলি খেলোয়াড় ননি মাদুয়েকের শট জাইর কুনহার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকলে কাঙ্খিত গোল পায় মিকেল আর্তেতার দল।
আগোছালো পারফরম্যান্সে আক্রমণভাগে মানসম্মত ফুটবলের অভাব থাকলেও টার্গেটে আর্সেনালের একমাত্র শট থেকেই আসে গোলটি। তবে নিজেদের সেরা ছন্দে না থেকেও ম্যাচ জিতে নেওয়ার দারুণ সামর্থ্য দেখাচ্ছে দলটি।
এই ১-০ গোলের জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। শীর্ষে থাকা সিটির চেয়ে তারা তিন পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে শেষ দিকে বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারা ফরেস্ট নেমে গেছে রেলিগেশন জোনে।
এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী লিডসের মাঠে জয়ের খোঁজে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ব্রায়ান এমবেউমোর প্রথমার্ধের গোলটি ডমিনিক কালভার্ট-লিউইন শোধ করে দেওয়ায় ১-১ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
চলতি মৌসুমে সাতটি লিগ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ছয় ম্যাচেও জয়হীন তারা।
দলের দায়িত্বে নিজের প্রথম পূর্ণ মৌসুম কাটানো কোচ মাইকেল ক্যারিক এখন সমাধান খুঁজতে হিমশিম খাচ্ছেন। তার দলের খেলায় মান ও আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট।
ওল্ড ট্রাফোর্ডে ক্রমবর্ধমান সংকটের অনুভূতি আরও তীব্র হয়েছে সপ্তাহের মাঝামাঝি সময়ে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের বিস্ফোরক মন্তব্যে। চ্যাম্পিয়নস লিগে এ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর ইউনাইটেডের শীর্ষ কর্মকর্তাদের সমালোচনা করেছিলেন তিনি।
তবে রোববার এল্যান্ড রোডে ম্যাচ শেষে ইতিবাচক দিকগুলো তুলে ধরেন ক্যারিক। তার মতে, ড্রয়ের মাধ্যমে দল সঠিক পথে এক ধাপ এগিয়েছে।
স্কাই স্পোর্টসকে তিনি বলেন, “দুর্বলতা থাকলে আজ তা সামনে চলে আসত। ম্যাচের আগে আমার মনে হয়েছিল, খেলোয়াড়েরা প্রস্তুত ছিল। সবকিছু নিখুঁত ছিল না, আমাদের আত্মবিশ্বাসও আকাশচুম্বী নয়। তবে খেলোয়াড়েরা সঠিক কাজগুলো করার চেষ্টা করেছে।”
তিনি আরও বলেন, “কিছু মুহূর্তে আমাদের খেলাটা সত্যিই ভালো ছিল। দল হিসেবে আমরা খুব ভালো রক্ষণ সামলেছি।”
মঙ্গলবার স্পেনে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার সেন্টার-ব্যাক মার্তিনেজ গ্রীষ্মকালীন দলবদলে পর্যাপ্ত বিনিয়োগ না করার জন্য ক্লাব কর্তৃপক্ষের সমালোচনা করেছিলেন।
শুক্রবার ক্যারিক জোর দিয়ে বলেছিলেন, ইউনাইটেড ওই ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে গেছে। রোববারের ম্যাচে মার্তিনেজকে শুরুর একাদশেও রাখা হয়।
ইউনাইটেডের মূল স্ট্রাইকার হিসেবে খেলা এমবেউমো কয়েকটি সুযোগ নষ্ট করেন। তবে ৩৫ মিনিটে ইউরি তিলেমানসের ক্রস থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
চলতি মৌসুমে এটি তার চতুর্থ গোল।
বিরতির পর ইউনাইটেডের ওপর ধারাবাহিক চাপ সৃষ্টি করে লিডস। ৫১ মিনিটে কর্নার থেকে তারিক মুহারেমোভিচের হেডে আসা বল বুক দিয়ে নিয়ন্ত্রণ করে শট নেন ইংল্যান্ডের ফরোয়ার্ড কালভার্ট-লিউইন। তাতেই সমতায় ফেরে স্বাগতিকরা।
পয়েন্ট তালিকার ১৩তম স্থানে থাকা ইউনাইটেড ১৯৮৬-৮৭ মৌসুমের পর শীর্ষ লিগে মৌসুমের এই পর্যায়ে সবচেয়ে কম জয় পেয়েছে।
রোববারের অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাইটন। ম্যাচে মাঝমাঠের কাছাকাছি জায়গা থেকে দিয়েগো গোমেজের অবিশ্বাস্য একটি গোলও ছিল।
প্রিমিয়ার লিগের ইতিহাসে মৌসুমের প্রথম সাত ম্যাচে ব্রাইটনের ২৩ গোলের চেয়ে বেশি গোল করতে পেরেছে মাত্র তিনটি দল।
এদিকে, ১০ জনের সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে লিগে মৌসুমের প্রথম জয় পেয়েছে বোর্নমাউথ। মার্কাস ট্যাভার্নিয়ার ও এভানিলসনের গোলে জয় নিশ্চিত করে তারা।







