ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় একজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।
সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সিআইডির একটি দল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলার আসামি সোহাগ ফকিরকে (৩৮) গ্রেফতার করে।
এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়। সে আব্দুল হালিম ফকির ও বিউটি বেগমের ছেলে। তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানায়।
এতে আরও বলা হয়, মামলার তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোহাগ ফকিরের অবস্থান শনাক্ত করে সিআইডি। পরবর্তীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়।
এ ঘটনায় গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়।







